দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ প্রতীক্ষার পর সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধনের উদ্যোগ নেওয়া হলেও এর কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আধুনিক আইসিইউ সেবা চালুর আশাবাদের পাশাপাশি প্রয়োজনীয় জনবল সংকট নিয়ে উদ্বেগও রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। একই বছরের ২১ মার্চ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম বুঝে পেলেও জনবল সংকটের কারণে দীর্ঘ সময় ধরে ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।
রোববার (১৪ জুন) দেশের বিভিন্ন জেলা সদর হাসপাতালের সঙ্গে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ ইউনিটও উদ্বোধনের কার্যক্রমের আওতায় আসে। তবে উদ্বোধনের পরও পুরোপুরি সেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান বলেন, আইসিইউ ইউনিট উদ্বোধন হলেও পূর্ণাঙ্গ সেবা চালু হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে বিদ্যুৎ সংযোগসহ কিছু কারিগরি কাজ চলছে। গণপূর্ত বিভাগ এসব কাজ সম্পন্ন করছে।
তিনি আরও বলেন, জনবল সংকট রয়েছে। বর্তমানে দুইজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ আছেন। তবে আইসিইউ প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স এখনও পাওয়া যায়নি। দ্রুত জনবল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আইসিইউ সেবা নিয়ে শঙ্কা ও প্রত্যাশা দুটোই দেখা দিয়েছে।
হাসপাতালে সেবা নিতে আসা বজলু মিয়া বলেন, গত তিন বছর ধরে জনবল সংকটের কারণে আইসিইউ বন্ধ ছিল। এখনও একই সংকটের কথা শুনছি। তাহলে কি আবারও গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হতে হবে?
আরেক রোগী সালাম মিয়া বলেন, আইসিইউ চালু হয়েছে, আমরা চাই এটি যেন আর বন্ধ না হয়। গুরুতর রোগীদের সিলেটে নিতে অনেক কষ্ট হয়। সদর হাসপাতালেই এই সেবা পাওয়া গেলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।
হাসপাতাল সূত্র জানায়, ১০ শয্যার আইসিইউ ইউনিট চালাতে বিশেষায়িত চিকিৎসক, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ, প্রশিক্ষিত নার্সসহ প্রয়োজনীয় জনবল অপরিহার্য। স্থানীয়দের মতে, জনবল নিশ্চিত না করেই ইউনিট উদ্বোধন করা হলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে।
সচেতন মহলের দাবি, শুধু উদ্বোধন নয়, আইসিইউকে কার্যকর রাখতে দ্রুত জনবল নিয়োগ ও সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা জরুরি। অন্যথায় কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই ইউনিট কার্যত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।
এমএস/